আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুলাই || আগরতলা পুর নিগম এলাকায় পানীয় জলের সুবিধা ও অসুবিধা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সোমবার পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের সকল কাউন্সিলর।
বৈঠকে প্রতিটি ওয়ার্ডে জলের সমস্যা, সরবরাহ ব্যবস্থার ত্রুটি, পাইপ লাইনের জটিলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। মেয়র দীপক মজুমদার এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং প্রতিটি কাউন্সিলরের সঙ্গে এলাকার বাস্তব পরিস্থিতি নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।
মেয়র জানান, নাগরিকদের মৌলিক পরিষেবার মধ্যে জল অন্যতম এবং এই পরিষেবা যাতে সঠিকভাবে পৌঁছায়, তার জন্য পুর নিগম সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী দিনে পানীয় জলের সমস্যা সমাধানে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় স্তরের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে বলেও তিনি জানান।
বৈঠকে কাউন্সিলরদের পক্ষ থেকেও বিভিন্ন ওয়ার্ডের বাস্তব চিত্র তুলে ধরা হয় এবং একযোগে সমস্যা সমাধানে একাধিক প্রস্তাব পেশ করা হয়।
পুর নিগম সূত্রে খবর, এই বৈঠকের ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
