আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || বৃহস্পতিবার লেম্বুছড়াস্থিত ফিসারি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫’তম জাতীয় মৎস্য চাষি দিবস। এই বিশেষ দিনকে সামনে রেখে কলেজ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস, ফিসারি কলেজের প্রিন্সিপাল অরুন ভাই পাটেল সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, গবেষক এবং ছাত্রছাত্রীবৃন্দ।
এদিন মৎস্য দপ্তরের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে একাধিক তথ্য ও প্রদর্শনীমূলক স্টল বসানো হয়, যেখানে আধুনিক মৎস্যচাষ পদ্ধতি, মাছের প্রজাতি, পুষ্টি ও বিপণন কৌশল নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। মন্ত্রী সুধাংশু দাস নিজে স্টলগুলি ঘুরে দেখেন এবং প্রশংসা করেন ছাত্রছাত্রীদের উদ্ভাবনী প্রচেষ্টা ও প্রদর্শনী।
জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি শুধু শিক্ষামূলক নয়, মৎস্য চাষের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
মৎস্য দপ্তরের পক্ষ থেকে এদিন সফল চাষিদের সংবর্ধনা প্রদান ও অভিজ্ঞতা বিনিময়েরও আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
