সুব্রত দাস, গন্ডাছড়া, ২০ জুলাই || রবিবার দুপুরে এক গম্ভীর ও সুসংগঠিত অনুষ্ঠানের মধ্য দিয়ে রাইমাভ্যালি ব্লকে ৪৪ নম্বর মৎস্যজীবী কংগ্রেস কমিটি গঠিত হলো। নবগঠিত কমিটির চেয়ারম্যান পদে নকুল সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারম্যান কংগ্রেসের রাজ্য সভাপতি সঞ্জয় দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকারসহ কংগ্রেসের অন্যান্য শাখার নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
অনুষ্ঠান চলাকালীন নবনিযুক্ত চেয়ারম্যান নকুল সরকার জানান, “আমি মৎস্যজীবী সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। এ অঞ্চলের মৎস্যজীবীদের নানাবিধ সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করবো।”
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা ও জীবিকাগত উন্নয়নের লক্ষ্যেই এই কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও নতুন কমিটির সফলতা কামনা করেন এবং মৎস্যজীবী সমাজের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই কমিটি গঠনের মধ্য দিয়ে রাইমাভ্যালি অঞ্চলের মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
