আপডেট প্রতিনিধি, জোলাইবাড়ি, ২১ জুলাই || জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং শ্রীকান্ত বাড়ী এডিসি ভিলেজে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। সোমবার সকালে জলে ডুবে মৃত্যু হয় পূর্ণ মানিক ত্রিপুরার কন্যা, মাত্র ৫ বছরের এক শিশুর। পরিবার সহ গোটা এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
শিশুটির এই মর্মান্তিক মৃত্যুর খবর শুনেই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। তিনি জেলা ও মহকুমা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দেন। একইসাথে শোকাহত পরিবারকে কিছু আর্থিক সহায়তা প্রদানেরও অনুরোধ জানিয়েছেন তিনি।
ঘটনার পর মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া শিশুটির আত্মার শান্তি কামনা করে বলেন, “এই ক্ষতির কোনও ক্ষতিপূরণ হতে পারে না, তবে প্রশাসনের তরফে যা করা সম্ভব, তা করা হবে। পরিবার যেন এই শোক সামলাতে কিছুটা শক্তি পায়, সেই প্রার্থনাই করছি।”
এই ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
