আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই || দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও ত্রিপুরার অন্যতম বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দিল্লির এইমস হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রবিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি চিরবিদায় নেন।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যের সংবাদমাধ্যম মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। দীর্ঘ সাংবাদিক জীবনে রাজ্যের সংবাদক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন প্রদীপ দত্ত ভৌমিক। বহু পুরস্কারে সম্মানিত এই বরিষ্ঠ সাংবাদিক রাজ্যের গণমাধ্যমের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অগণিত গুণমুগ্ধ রেখে গেছেন। সোমবার দিল্লি থেকে তাঁর মরদেহ আগরতলা আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর এই অকালপ্রয়াণকে রাজ্যের সাংবাদিক মহল এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছে। রাজ্যের বিভিন্ন সাংবাদিক সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোকবার্তা প্রকাশ করেছে।
প্রদীপ দত্ত ভৌমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী শোকবার্তায় প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
