আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || আগরতলার লালবাহাদুর এলাকায় ফের চুরির ঘটনা। প্রাক্তন বিজেপি সভাপতি মৃত ব্রজেশ্ব চক্রবর্তীর বাড়িতে দুষ্কৃতীরা চুরি করে পালিয়ে যায়। শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এই এলাকায় এ ধরনের অপরাধ ঘটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে চুরি সংঘটিত হয়। ঘরের তালা ভেঙে মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর সোমবার সকালে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পূর্ব আগরতলা থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। চুরি যাওয়া সম্পত্তির পরিমাণ এবং দুষ্কৃতীদের ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
অন্যদিকে, শহরে পুলিশ থানা স্তরে সম্প্রতি রদবদলের প্রেক্ষাপটে চুরি-ডাকাতির মতো অপরাধের বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায়?
এই বাড়ির এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরাসরি শহরের মধ্যভাগে যদি এমন চুরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”
পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের শনাক্ত করতে তৎপরতা শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শহরবাসীর দাবি, বাড়তে থাকা অপরাধ রুখতে প্রশাসনকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে। অন্যথায় নাগরিক নিরাপত্তা যে আরও বিপন্ন হবে, তা বলাই বাহুল্য।
