আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || ২১শে জুলাই সন্ধ্যা ৫টা নাগাদ রাজধানীর নেগারজালায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে এক চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার হয়েছে।
ট্রাফিক রুল ভঙ্গের বিরুদ্ধে এই বিশেষ অভিযান চালানোর সময় একটি পালসার এনএস-১২৫ বাইক (নিবন্ধন নম্বর TR-01-AS-6800) আটক করেন ট্রাফিক পুলিশের এএসআই বিপ্লব দত্ত, কনস্টেবল পঙ্কজ দেবনাথ, এসপিও রিপন রায় ও এসপিও তুহিন দত্ত।
তদন্তকালে দেখা যায়, বাইকের চালক অত্যন্ত নার্ভাস আচরণ করতে থাকেন এবং পুলিশের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এরই মাঝে হঠাৎ করে ওই যুবক বাইকটি ফেলে রেখে ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পুলিশ সদস্যরা ধাওয়া করলেও তীব্র যানজটের কারণে অভিযুক্ত পালাতে সক্ষম হয়।
পরবর্তীতে তদন্তে উঠে আসে, বাইকটির মালিক নিস্চিন্তপুর এলাকার প্রসেনজিত চৌধুরী (পিতা: প্রয়াত প্রমোদ চৌধুরী) ২০শে জুলাই আগরতলার অন্তর্গত অমতলী থানায় সাধারণ ডায়েরি (GDE No. 18) করেছিলেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ১৯শে জুলাই তিনি বৈদ্যুতিক কাজের জন্য হরিপুরে মৃণাল চৌধুরীর (পিতা: প্রয়াত হীরালাল চৌধুরী) বাড়িতে গিয়েছিলেন এবং সেখানেই বাড়ির গেটের সামনে তালা ও চাবি সহ বাইকটি রেখে যান। রাত ১০টা পর্যন্ত বাইকটি সেখানে দেখা যায়, কিন্তু পরে তিনি ফিরে এসে বাইকটি আর খুঁজে পাননি। নিজে খোঁজাখুঁজির পরেও বাইকটি না পেয়ে থানায় রিপোর্ট করেন।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, বুধবার উদ্ধারকৃত বাইকটি ট্রাফিক ইউনিট, আগরতলার পক্ষ থেকে প্রকৃত মালিক প্রসেনজিত চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়।
বাইক ফিরে পেয়ে মালিক তৎক্ষণাৎ ট্রাফিক ইউনিটের সদস্যদের ধন্যবাদ জানান এবং দ্রুত ও দক্ষ পদক্ষেপের জন্য প্রশংসা করেন।
এই ঘটনা আরও একবার প্রমাণ করল, আগরতলা ট্রাফিক পুলিশের তৎপরতা ও সতর্কতা রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
