নেশা বিরোধী ও স্বেচ্ছা রক্তদান বিষয়ক সচেতনতামূলক শিবিরে খোয়াইয়ে লায়ন্স ও লিও ক্লাবের যৌথ উদ্যোগ

আপডেট প্রতিনিধি, খোয়াই, ২৩ জুলাই || খোয়াইয়ের রামপুর উচ্চ বুয়াদি বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অফ খোয়াই ও লিও ক্লাব অফ খোয়াই-এর যৌথ উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব তুলে ধরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই লায়ন্স ক্লাবের সভাপতি মানিক দেবনাথ, লায়ন্স ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন প্রণব বনিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিনা চক্রবর্তী, সহকারী শিক্ষিকা সুমিত্রা দত্ত, খোয়াই লায়ন্স ক্লাবের সদস্য ময়ুক চক্রবর্তী ও দিপিকা দাস সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
প্রণব বনিক তাঁর বক্তব্যে ছাত্রছাত্রী ও যুব সমাজকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর প্রতি ড্রাগস বিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ ভূমিকা গ্রহণের অনুরোধ জানান। তাঁর মতে, একমাত্র মাদকমুক্ত সমাজ গড়তে পারলেই একটি সুস্থ ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
পাশাপাশি, স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এই বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যায়। আগামী দিনে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনের উদ্যোগ নেওয়ার বার্তাও দেওয়া হয় অনুষ্ঠানে।
শিবির শেষে ছাত্রছাত্রীদের মধ্যে প্যাকেটজাত জলখাবার বিতরণ করা হয়, যা ঘিরে উৎসাহে মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। প্রধান শিক্ষিকা লিনা চক্রবর্তী খোয়াই লায়ন্স ও লিও ক্লাবের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজমুখী কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
লায়ন্স ক্লাবের সভাপতি মানিক দেবনাথ ধন্যবাদ জ্ঞাপন করে জানান, ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম ও সচেতনতামূলক শিবির লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে নিয়মিতভাবে সংগঠিত হবে।
সার্বিকভাবে, এদিনের অনুষ্ঠান ছিল শিক্ষামূলক ও মানবিক চেতনায় পরিপূর্ণ, যা আগামী প্রজন্মকে নেশামুক্ত সমাজ গঠনের পথে অনুপ্রাণিত করবে বলেই মত শিক্ষকমহলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*