আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (TCA) উদ্যোগে প্রথমবারের মতো রাজ্যে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৮ বালকদের নিয়ে বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করবে।
এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য, আগামী দিনের জন্য প্রতিভাবান জুনিয়র ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের দক্ষতা পরখ করে সঠিকভাবে বাছাই করা। সামনে অনূর্ধ্ব-১৯ বিভাগে জাতীয় আসর অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে ত্রিপুরা দলও অংশগ্রহণ করবে। সেই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছে টিসিএ।
এই প্রতিযোগিতায় শতদল সংঘ ক্লাবও অংশ নিচ্ছে। ক্লাবের সম্পাদক অধীর চৌধুরী জানান, “আমাদের ছেলেরা প্রতিভাবান এবং দলে জয়ের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আমরা আশাবাদী, তারা ভালো পারফর্ম করবে।”
এদিন, বুধবার, আগরতলার এম বি বি স্টেডিয়ামে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত দলের প্রতিনিধি ও ক্রিকেটারদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় টিসিএ-র পক্ষ থেকে। উপস্থিত ছিলেন টিসিএ-র কর্মকর্তাবৃন্দ, কোচ, খেলোয়াড় এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা।
ত্রিপুরার ক্রিকেটকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানোর লক্ষ্যে এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছেন ক্রীড়া মহল।
