গোপাল সিং, খোয়াই, ২৪ জুলাই || খোয়াই মহকুমার চাম্পাহাওর থানার পুলিশ এক বড় অভিযানে তিন বাংলাদেশি নাগরিক এবং তাদের আশ্রয়দাতা তিন স্থানীয় সহযোগীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে বেহালাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে, যা সীমান্ত সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাম্পাহাওর থানার পুলিশ বেহালাবাড়ি এলাকায় অভিযান চালায়। প্রথমে স্থানীয় তিন সহযোগী লিপক দেবনাথ, গোবিন্দ দেবনাথ এবং মিঠু দেবনাথকে আটক করা হয়। তাদের জেরা করে ওই বাড়িতে লুকিয়ে থাকা তিন বাংলাদেশি নাগরিক কবিন্দ দেবনাথ, সুভাষিনী নাথ সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর সকলকেই শারীরিক পরীক্ষার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে। খোয়াই জেলায় একের পর এক বাংলাদেশি নাগরিক ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই ঘটনা প্রমাণ করে যে, স্থানীয় দালালদের সহযোগিতায় একটি সক্রিয় অনুপ্রবেশকারী চক্র কাজ করছে।
