গোপাল সিং, খোয়াই, ০৯ আগস্ট || খোয়াইয়ের লালটিলা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয়ে গেল একটি পরিবার। শুক্রবার গভীর রাতে শীতল নমঃ নামে এক ব্যক্তির বসতবাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা বলেই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, যা নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে শীতল নমঃ-এর বাড়িতে হঠাৎই আগুন দেখতে পান প্রতিবেশীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিমেষের মধ্যে গোটা বাড়িকে গ্রাস করে নেয়। পরিবারের সদস্যরা কোনোক্রমে প্রাণে বাঁচলেও, তাঁদের চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় তাঁদের সারা জীবনের সঞ্চয়।
ঘরের আসবাবপত্র, মূল্যবান নথি থেকে শুরু করে কিছুই বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে দমকল বাহিনী ও খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু ততক্ষণে সবকিছু শেষ। অসহায় পরিবারের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। পরিবারের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লক্ষ টাকার সম্পত্তি পুড়ে ছাই হয়ে গেছে। মাথার ছাদ হারিয়ে অসহায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে। যেহেতু ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করা হচ্ছে, তাই এই অগ্নিকাণ্ডের পিছনে কাদের হাত রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। খোয়াই থানার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
