বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ আগস্ট || “বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব।”—এই প্রবাদকে সামনে রেখেই গত বুধবার সকালবেলা শান্তিরবাজার পুরাতন হসপিটাল রোড দূর্গাপূজা কমিটির উদ্যোগে সম্পন্ন হলো খুঁটি পূজা। পুরোহিতের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজার শুভ সূচনা করেন কমিটির উদ্যোক্তারা।
এবারের পূজায় বিশেষত্ব থাকছে ভিন্ন আঙ্গিকে। কমিটির পক্ষ থেকে জানানো হয়, পুরাতন হসপিটাল রোড দূর্গাপূজা এ বছর পঁচিশ বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে মায়ের ৫১ পীঠরূপের প্রতিমা নির্মাণের মাধ্যমে পূজার আয়োজন করা হচ্ছে। বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা।
উদ্যোক্তারা জানান, মায়ের দেহের বিভিন্ন অংশ দেশ-বিদেশের নানা স্থানে পতিত হয়ে তীর্থক্ষেত্রের জন্ম হয়েছে। সেই পীঠস্থানগুলির পরিচয় ও গুরুত্ব আগামী প্রজন্মকে তুলে ধরার উদ্দেশ্যে পূজা মণ্ডপে মায়ের ৫১ রূপকে প্রতিফলিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি পূজাকে কেন্দ্র করে নানান সামাজিক কর্মসূচিও হাতে নিয়েছে কমিটি। খুঁটি পূজার দিন স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এবারের শান্তিরবাজার পুরাতন হসপিটাল রোড দূর্গাপূজা তাই শুধু আনন্দ-উৎসব নয়, সঙ্গে বয়ে আনছে ঐতিহ্য ও শিক্ষার বার্তা।
