যোগাযোগ ব্যবস্থায় একধাপ এগোল জোলাইবাড়ী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নতুন স্টপেজ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৭ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী রেলস্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন স্টপেজের আনুষ্ঠানিক সূচনা হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার অক্লান্ত প্রচেষ্টায় এই স্বপ্ন পূরণ হলো জোলাইবাড়ীবাসীর।
এতদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জোলাইবাড়ী রেলস্টেশন অতিক্রম করে সাব্রুমে পৌঁছাতো। ফলে দূরদূরান্তে যাতায়াতের ক্ষেত্রে স্থানীয় মানুষকে চরম ভোগান্তির সম্মুখীন হতে হতো। যোগাযোগব্যবস্থার উন্নয়নের স্বার্থে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট স্টপেজের দাবি উত্থাপন করেন। অবশেষে সেই দাবি পূর্ণ করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। গত বৃহস্পতিবার থেকে এই নতুন স্টপেজ কার্যকর হয়েছে।
এই উপলক্ষে জোলাইবাড়ী রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, শান্তির বাজার মহকুমা শাসক মনোজ সাহা, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া কেন্দ্রীয় রেলমন্ত্রী, সাংসদ বিপ্লবকুমার দেব, পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহাকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষে সাব্রুম থেকে আগত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে জোলাইবাড়ী রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে বরন করা হয়। নতুন স্টপেজ প্রাপ্তিতে জোলাইবাড়ী জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ লক্ষ্য করা গেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*