কৈলাশহরে বাঘের পায়ের ছাপ, এলাকায় চাঞ্চল্য

গোপাল সিং, খোয়াই, ৩১ আগস্ট || ঊনকোটি জেলার কৈলাশহর ইরানি থানার অন্তর্গত ইরানি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে বাঘের পায়ের ছাপ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরেই রাতের অন্ধকারে বাঘের আনাগোনা চোখে পড়ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয়, এলাকাবাসীর দাবি—বাঘের সঙ্গে শাবকও রয়েছে। বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপও স্পষ্টভাবে দেখা গেছে।
ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো পঞ্চায়েতে। খবর পৌঁছায় বন দপ্তরে। রবিবার সকাল প্রায় নয়টার দিকে ঘটনাস্থলে ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা। বাঘ ধরতে স্থানীয়দের সহযোগিতায় একটি টিলা চষে ফেললেও শেষমেশ বাঘের কোনো হদিস মেলেনি। তবুও ‘বাঘ মামা’কে এক ঝলক দেখার আশায় ভিড় জমাতে থাকেন চারদিকের কৌতূহলী মানুষজন।
পরে বনদপ্তরের এক কর্মকর্তা ক্যামেরার সামনে জানান, ঘটনাস্থল থেকে সংগৃহীত পায়ের ছাপ পরীক্ষা করে দেখা গেছে এটি আসলে একটি লেপার্ড ক্যাট। এটি বন্য বিড়াল প্রজাতির হলেও মানুষের কোনো ক্ষতি করে না। তবে গৃহপালিত পশুর উপর আক্রমণ করতে পারে।
বন দপ্তরের কর্মীরা আশ্বাস দিয়েছেন—আবার যদি এ প্রাণীটির দেখা মেলে, সঙ্গে সঙ্গে তাদের খবর দিলে সেটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে। অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও বন দপ্তরের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
গ্রামীণ এলাকায় এই ঘটনাকে ঘিরে আতঙ্কের পাশাপাশি কৌতূহলও তুঙ্গে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*