গোপাল সিং, খোয়াই, ৩১ আগস্ট || সন্তান প্রসবের পর পরই মায়ের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ শান্তিরবাজার মহকুমার মধ্যটিলার একটি পরিবার। গত ২৪ আগস্ট শান্তিরবাজার জেলা হাসপাতালে এক হৃদয়বিদারক ঘটনায় মা রচনা রিয়াং (স্বামী বিশাল রিয়াং) সন্তান জন্মদানের কিছুক্ষণ পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নবজাতকের মুখ দেখার সৌভাগ্য হয়নি মায়ের। তবে মাতৃহারা শিশুটি বর্তমানে সুস্থ ও জীবিত রয়েছে। এই বেদনাদায়ক খবর পেয়ে ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক মহিলা সংগঠনের একটি প্রতিনিধি দল ছুটে যায় মৃত রচনা রিয়াংয়ের বাড়িতে। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নবজাতক শিশুটির খোঁজখবর নেন। কঠিন এই সময়ে পরিবারের পাশে দাঁড়িয়ে ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার মহিলা সংগঠনের পক্ষ থেকে শিশুটির পরিবারকে তাৎক্ষণিক আর্থিক অনুদান প্রদান করা হয়। আজকের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ব্রু সংগ্রংমা মথহ্ সামাজিক সংস্থার মহিলা সংগঠনের সভানেত্রী মেনুকা রিয়াং, সহ-সভানেত্রী বিভাশ্বরি রিয়াং, মহিলা সংগঠনের জেনারেল সেক্রেটারি সুপর্ণা রিয়াং, নমিতা রিয়াং, কর্মিতা রিয়াং এবং রেখা রিয়াং।
সংগঠনের পক্ষ থেকে এই অসহায় মাতৃহারা শিশুটির প্রতি সমাজের সকল স্তরের মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
