প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচির প্রস্তুতিতে রাজ্য বিজেপি

গোপাল সিং, খোয়াই, ০৫ সেপ্টেম্বর || “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প নেই। তাঁর নেতৃত্বে গোটা দেশ আজ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশের প্রতিটি উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করছেন। সেই উন্নয়নের ধারায় পিছিয়ে নেই ত্রিপুরাও। আগামী দিনেও দেশবাসী মোদিজীর পক্ষে রায় দেবে”— বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। প্রতিবছরের মতো এ বছরও ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে পালিত হবে এই দিন। এবারে মোদীজী ৭৫ বছরে পদার্পণ করতে চলেছেন, ফলে কর্মসূচি ঘিরে বাড়তি উৎসাহ দেখা যাচ্ছে দলীয় কর্মীদের মধ্যে।
এই উপলক্ষে এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ও বিধায়ক ভগবান দাস, সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ নরেশ কনসাল্টসহ একাধিক শীর্ষ নেতা। বৈঠকে প্রধানমন্ত্রীর জন্মদিনকে আরও অর্থবহ করে তোলার জন্য নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাঁর শৈশব, কৈশোর, রাজনৈতিক জীবন এবং বর্তমান দৃষ্টিভঙ্গি নিয়েও আলাপ হয় বৈঠকে।
দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ অভিযান, রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি। এই উদ্যোগের মাধ্যমে বিজেপি জনসাধারণের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনদর্শন ও জনসেবার অঙ্গীকারকে তুলে ধরতে চায়।
রাজ্যের প্রতিটি মণ্ডলে কর্মসূচিগুলি সফলভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যেই নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিন মুখ্যমন্ত্রীসহ উপস্থিত নেতৃবৃন্দ সকলকে এই কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*