গোপাল সিং, খোয়াই, ০৬ সেপ্টেম্বর || ১৬ কোটিরও বেশি টাকার জালিয়াতি নিয়ে তোলপাড় আগরতলা। তবে এ ঘটনায় আগরতলা পুর নিগমের কোনও দায় নেই, পুরো বিষয়টি ইউকো ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখার দায়িত্ব—শনিবার এমনটাই স্পষ্ট জানালেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
মেয়রের দাবি, ইউকো ব্যাঙ্ক শাখা কর্তৃপক্ষ ইতিমধ্যেই লিখিতভাবে জানিয়েছে, খুব শীঘ্রই হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে তুলে নেওয়া ওই অর্থ পুর নিগমকে ফেরত দেওয়া হবে। তিনি বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, “হায়দ্রাবাদের চারটি সংস্থাকে এই ঘটনায় অভিযুক্ত করা হলেও, আগরতলা পুর নিগম কখনও তাদের কোনও কাজের বরাত দেয়নি। বিরোধীরা না বুঝে শুধু ফাঁকা আওয়াজ করছে।”
আজ স্মার্ট সিটি প্রকল্পের আওতায় শহরের জলাবদ্ধতা নিরসনে কভার ড্রেন নির্মাণ কাজ খতিয়ে দেখতে ১১ নম্বর ওয়ার্ডে পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রসঙ্গত, প্রায় ১৬ কোটি ৩৮ লক্ষ ৪৩ হাজার ৩০০ টাকা পুর নিগমের সরকারি অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে গায়েব হয়ে যায় ৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে। ঘটনায় ইউকো ব্যাঙ্কের আগরতলা জোনাল হেড সঞ্জীব রায় পশ্চিম আগরতলা থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। বিরোধী দলগুলির অভিযোগ, এ ঘটনায় প্রশাসনিক গাফিলতি রয়েছে এবং দায় এড়িয়ে যেতে চাইছে শাসক শিবির। তবে মেয়রের বক্তব্য, খুব শীঘ্রই টাকা ফেরত আসবে এবং সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই।
