আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || দেশব্যাপী জনজাতি উন্নয়নকে কেন্দ্র করে গৃহীত ‘ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পের আওতায় আদি কর্মযোগী অভিযান এখন বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতেও। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত রাজ্যস্তরীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং স্টেট প্রসেস ল্যাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই জনজাতি জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। কারণ তাঁদের উন্নতি ছাড়া ‘বিকশিত ভারত – ২০৪৭’-এর লক্ষ্য পূরণ সম্ভব নয়।”
তিনি আরও জানান, বিশ্বের বৃহত্তম জনজাতি কল্যাণ কর্মসূচি হিসেবে আদি কর্মযোগী অভিযানকে চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে তৃণমূল স্তরে প্রশিক্ষিত কর্মীশক্তি গড়ে তুলে সুশাসনকে আরও শক্তিশালী করা হবে এবং অন্তিম জনজাতি ব্যক্তি পর্যন্ত সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়া নিশ্চিত হবে।
উল্লেখ্য, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই রাজ্যস্তরীয় কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের পদাধিকারী এবং কর্মীদল অংশগ্রহণ করেন। তারা অভিযানের মূল উদ্দেশ্য, কর্মপদ্ধতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা লাভ করেন।
ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলের জনজাতি সমাজের উন্নয়নে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
