দুর্গাপূজার আগে রাস্তা মেরামত ও কর্মসংস্থানের দাবিতে সিপিআই(এম)-এর ডেপুটেশন

গোপাল সিং, খোয়াই, ১৬ সেপ্টেম্বর || দুর্গাপূজার আগে খোয়াই শহর ও শহরতলীর জনজীবনকে কেন্দ্র করে ২ দফা দাবিপত্র তুলে ধরল সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটি। সোমবার তারা অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী (ADM & Collector, Khowai)-র কাছে ডেপুটেশন জমা দেন। দাবির মধ্যে মূলত দুটি বিষয় গুরুত্ব পেয়েছে— এক, রাস্তার বেহাল দশা দূরীকরণ, যার মধ্যে রয়েছে খোয়াই শহর ও আশপাশের রাস্তাঘাটসহ কমলপুর-আগরতলা ভায়া খোয়াই ২০৮ নম্বর জাতীয় সড়ক প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে। উৎসবের আগে এই সমস্ত জনপথ দ্রুত সংস্কার ও নিরাপদ চলাচলের উপযোগী করার দাবি জানানো হয়েছে। দ্বিতীয়ত সিপিআই(এম)-এর দাবি, খোয়াই শহর ও গ্রামীণ অঞ্চলের অসংখ্য পরিবার বর্তমানে কর্মহীন। রেগা ও টুয়েপ প্রকল্পে পর্যাপ্ত কাজ নিশ্চিত করা এবং বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধের পদক্ষেপ নেওয়া জরুরি। উৎসবের মৌসুমে যাতে সাধারণ মানুষ আর্থিক অনটনে না ভোগেন, সেদিকেই জোর দিয়েছে বাম সংগঠন। প্রসঙ্গত, ডেপুটেশনে স্বাক্ষর করেন জেলা কমিটির নেতা তথা স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস সহ পলাশ ভৌমিক, গৌতম পাল, মনোজ দাস ও কানন দত্ত প্রমুখ। সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়বে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*