গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর || বৃহস্পতিবার খোয়াই কোহিনূর কমপ্লেক্স চত্বরে খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আবির্ভাব দিবস উপলক্ষে এক প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের পৌরপিতা দেবাশীষ নাথ শর্ম্মা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক সমীর কুমার দাস, অনিমেষ নাগ, খোয়াই পুর পরিষদের পারিষদ শঙ্কু পাল ও ঝর্ণা দেব বিশ্বাস এবং খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেব্বর্মা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি পিযুষ কান্তি চৌধুরী। আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেব্বর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য দীপঙ্কর ভট্টাচার্য্য, খোয়াই মহকুমা সাংস্কৃতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্ঝর ভৌমিক ও শুভম আইচ এবং সমাজকর্মী সৌরচাঁদ নাগ প্রমুখ।
মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উদ্বোধক অনুকূল দাস। এরপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন অতিথিরা ও উপস্থিত সকলে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন খোয়াই কালচারাল সেলের শিল্পীরা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌর প্রতিম শর্ম্মা। বক্তারা তাঁদের বক্তব্যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের রচিত “একাত্ম মানবতাবাদ” ও “অন্তোদয়”-এর দর্শন নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, এই দর্শনে সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়ন ও কল্যাণের স্পষ্ট রূপরেখা পাওয়া যায়। বক্তারা পণ্ডিত জি-র জীবন, কর্মপদ্ধতি এবং চিন্তাধারা নিয়ে আলোকপাত করেন, যেখানে মানবসমাজের কল্যাণে তাঁর দূরদর্শী মনোভাব প্রতিফলিত হয়।
