গোপাল সিং, খোয়াই, ০৫ নভেম্বর || চিকিৎসার জন্য ভারতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশের যুবক জিয়ারুল ইসলাম (২৫)। বুধবার বিকেলে বিশালগড়ের চেলিখলা বাজার সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা জিয়ারুল ইসলাম তার পরিবারসহ চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। তারা আত্মীয়ের TR07D9554 নম্বরের একটি মোটরবাইকে করে চেলিখলা বাজারের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় TR07D1753 নম্বরের একটি বোলেরো গাড়ি, যা সীমান্ত এলাকার মাল পরিবহন করছিল, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সরাসরি ধাক্কা মারে।
প্রচণ্ড ধাক্কায় জিয়ারুল রাস্তায় ছিটকে পড়ে এবং মাইলস্টোনের সাথে সজোরে ধাক্কা লাগে তার মাথায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রহিমপুর এলাকা থেকে পরিবারের সদস্যরা ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। পুলিশ বোলেরো গাড়িটিকে আটক করেছে এবং চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
