আপডেট প্রতিনিধি, ধর্মনগর, ১১ নভেম্বর || ধর্মনগরে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রাপ্ত খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে এক যুবকের। দমকল দপ্তর সূত্রে জানা যায়, গতকাল মধ্যরাত্রে আনুমানিক রাত একটা নাগাদ কামেশ্বর এলাকা থেকে ফোন মারফত খবর আসে যে, মূল সড়কে এক গুরুতর দুর্ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, এক বাইক আরোহী বাইকসহ রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। সেখানে উপস্থিত ছিল ধর্মনগর থানার পুলিশও। তদন্তে জানা যায়, রাস্তার ধারে একটি NL 01L–9382 নম্বরের লরি দাঁড় করানো ছিল। সেই লরির পিছনে TR 05 D–9638 নম্বরের মোটরবাইকটি সোজা ধাক্কা মারে। প্রচণ্ড আঘাতে বাইক আরোহীর মাথা থেঁতলে যায়।
দমকল কর্মীরা আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে জানা যায়, ওই যুবকের নাম মিশুক নাথ (২২)। আজ সকালে হাসপাতাল সূত্রে খবর আসে, চিকিৎসাধীন অবস্থায় মিশুকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
