আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || জনজাতি গৌরব দিবস এবং ভগবান বিরসা মুন্ডা জির ১৫০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির জনজাতি মোর্চা। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত পরিকল্পনার কথা জানান দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ও জনজাতি উন্নয়নমন্ত্রী বিকাশ দেববর্মা।
দলীয় সূত্রে জানা গেছে, ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলায় আয়োজিত হবে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগরতলা শহরে আগামী ১৫ নভেম্বর উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা সূচনা হবে। রাজ্যের বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেবেন এই শোভাযাত্রায়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্রভবনের সামনে সমাপ্ত হবে।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রিসভার সদস্যবৃন্দ ও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
এই উপলক্ষে জনজাতি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান কর্মসূচিও রাখা হয়েছে। ভগবান বিরসা মুন্ডার আদর্শ ও আত্মত্যাগকে স্মরণ করে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে জনজাতি গৌরব দিবস উদযাপিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
