জি-নেক্সট মডেল স্কুলের শিশু দিবস উদযাপন

গোপাল সিং, খোয়াই, ১৫ নভেম্বর || শিশুদের সৃজনশীল বিকাশ, অনুপ্রেরণা ও আনন্দঘন শিক্ষাজগৎ গড়ে তোলার উদ্দেশ্যে জি-নেক্সট মডেল স্কুল, খোয়াই শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় নিউ টাউন হলে আয়োজন করে বর্ণাঢ্য শিশু দিবস উদযাপন। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, নাটক, বিতর্ক এবং কচিকাঁচাদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি রঙিন হয়ে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খোয়াই পৌর পরিষদের মাননীয় চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা। তিনি শিশুদের মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং বিদ্যালয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি-নেক্সট মডেল স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর রাজলক্ষ্মী সিংহ। তিনি বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিশুদের সার্বিক উন্নয়ন নিয়ে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড চারিটেবল ট্রাস্টের সভাপতি অঞ্জন গোস্বামী। তিনি অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় সম্পর্কে মিডিয়াকে অবগত করে জানান, শিশুদের বহুমুখী প্রতিভা লালন ও তাদের সুস্থ মানসিক বিকাশই আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রাজীব আচার্য্য ও অভিজিৎ গোপ।
সন্ধ্যার শুরুতেই ছোটদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এর পরপরই মঞ্চে উপস্থাপিত হয় ড্রামা, বিতর্ক সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি, যা বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভার বহুমাত্রিক প্রকাশ ঘটায়। অভিভাবক, শিক্ষার্থী ও বিদ্যালয় কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। বিচারকের আসনে ছিলেন শিক্ষক সুবিমল দেবনাথ, সিদ্ধার্থ ভট্টাচার্য, রক্সন দাস প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*