বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ নভেম্বর || শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে শনিবার মুকুট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এক মেগা ক্যাম্প। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে জনগণের উন্নয়নকে লক্ষ্য রেখে বিদ্যুৎ বিল শূন্যে নামিয়ে এনে ‘পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা’র মাধ্যমে প্রতিটি ঘরকে সৌরশক্তির আলোয় আলোকিত করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ক্যাম্পের উদ্বোধন করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মহকুমাশাসক সঞ্জীব চাকমা, বিদ্যুৎ দপ্তরের দক্ষিণ জেলার ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরন দাস, অতিরিক্ত জেনারেল ম্যানেজার কান্তি দে, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিকসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তারা ‘পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনা’র সুবিধা, প্রয়োগ পদ্ধতি এবং সাধারণ মানুষ কীভাবে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন—সেসব বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, “জনগণের মাঝে সচেতনতা তৈরি করতে প্রথমে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের নিজেদের ঘরে এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তাদের দেখে সাধারণ মানুষ উৎসাহিত হয়ে প্রকল্পে অন্তর্ভুক্ত হবেন।”
বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানান, সোলার লাইট স্থাপনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়বে।
বক্তব্য পর্ব শেষে শিবিরে আগত মানুষজন প্রকল্পের সুবিধা নিতে রেজিস্ট্রেশন করেন। বিদ্যুৎ দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার সমীরন দাস সাংবাদিকদের জানান, “মানুষের ব্যাপক সাড়া আজকের ক্যাম্পকে আরও সফল করেছে।”
মেগা ক্যাম্পে সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণে উৎসাহ ও উদ্দীপনার আবহ লক্ষ করা যায়।
