দুবাই, ১৮ নভেম্বর || দুবাইয়ে অনুষ্ঠিত Middle East Natural & Organic Products Expo (MENOPE) 2025-এ ত্রিপুরার জৈব উৎপাদিত সেরা সব সামগ্রী তুলে ধরলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। আন্তর্জাতিক ক্রেতাদের সামনে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সাফল্য ও জৈব সম্ভাবনাকে তুলে ধরতে এই প্রদর্শনী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রীর নেতৃত্বে প্রদর্শনীতে বিশেষভাবে স্থান পায় ত্রিপুরার বিশ্ববিখ্যাত GI-ট্যাগযুক্ত কুইন আনারস, সুগন্ধি চাল, বার্ডস আই চিলি, গন্ধরাজ লেবু, তিল, মিলেটসহ একাধিক পণ্য। উপসাগরীয় দেশসমূহ (GCC), ইউরোপ, জাপান, কোরিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রেতাদের কাছ থেকে ত্রিপুরার জৈব পণ্যের ব্যাপক প্রশংসা মেলে।
এই আন্তর্জাতিক মঞ্চে কৃষিমন্ত্রী তুলে ধরেন ত্রিপুরা অর্গানিক মিশন–এর সাফল্যের গল্প, যেখানে রাজ্যের ২৬,৪০০ হেক্টর সার্টিফাইড অর্গানিক চাষের জমি এবং ২৬,৮০০-রও বেশি কৃষকের নিরলস পরিশ্রম একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
ত্রিপুরার কৃষিপণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি রাজ্যের কৃষকদের জন্য নতুন সম্ভাবনা ও রপ্তানির পথ আরও প্রশস্ত করবে বলেই আশা করা হচ্ছে।
