খোয়াইতে আধার আপডেট নিয়ে হয়রানি সংক্রান্ত নিউজের জেড়ে টনক নড়ল খোয়াই বিদ্যালয় পরিদর্শকের! সাত সকালে স্কুলে স্কুলে পৌঁছলো প্রক্রিয়ার বাতিল নোটিশ!

গোপাল সিং, খোয়াই, ১৯ নভেম্বর || মঙ্গলবার ‘নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম’-এ প্রকাশিত প্রতিবেদনে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে আধার আপডেট শিবিরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ভয়াবহ হয়রানি ও অব্যবস্থাপনার চিত্র সামনে আসতেই নড়েচড়ে বসলো শিক্ষা দপ্তর। পরিস্থিতির গভীরতা উপলব্ধি করে বুধবার সাত সকালে হঠাৎই সকল স্কুলে পৌঁছে গেল প্রক্রিয়া বাতিলের নোটিশ।
খোয়াই বিদ্যালয় পরিদর্শক পি. কে. দেববর্মা আজ সকালে যে জরুরি বিজ্ঞপ্তি জারি করেন, তাতে স্পষ্ট জানানো হয়েছে—
আগামী ১৯ নভেম্বর ২০২৫, বুধবারের নির্ধারিত Mandatory Biometric Update (MBU) সম্পূর্ণভাবে বাতিল করা হলো। ছাত্র-ছাত্রীদের পরবর্তী আপডেটের নতুন তারিখ পরে জানানো হবে।
এই দ্রুত সিদ্ধান্তে অভিভাবক মহলে স্বস্তির হাওয়া—দুই দিন ধরে শিশুদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা, পানীয় জলের অভাব, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি, চরম অব্যবস্থাপনা এবং নোংরা পরিবেশ নিয়ে যত অভিযোগ উঠেছিল, তা অবশেষে প্রশাসনের কানে পৌঁছেছে।
শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, পূর্ববর্তী দুই দিনের বিশৃঙ্খলা বিবেচনা করেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে আর কোনো শিক্ষার্থীর ভোগান্তি না হয়। অভিভাবকেরা মনে করছেন, এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় ছিল। ফিরতি প্রশ্ন—পরবর্তী প্রক্রিয়া শুরু হওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশিকা সঠিকভাবে দেওয়া হবে তো? এখন দেখার বিষয়, নতুন তারিখ ঘোষণা হলে শিক্ষা দপ্তর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারে কিনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*