গোপাল সিং, খোয়াই, ২৮ নভেম্বর || খোয়াইয়ে ফের পুলিশের হাতে ধরা পড়ল এক অবৈধ দেশি মদ ব্যবসায়ী। সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার জানান, হরিলাল দেববর্মা নামে এক ব্যক্তি পাইজা বাড়ি এলাকায় নিজের বাড়িতে অবৈধ দেশি মদ মজুত করে নিয়মিত খোয়াই শহরে সাপ্লাই দিতেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সকাল থেকেই পহরমুড়া এলাকায় ওত পেতে বসে থাকে। এরপর প্রায় সকাল ১০টার সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে ২৪ লিটার অবৈধ দেশি মদসহ আটক করতে সক্ষম হয় সাদা পোশাক পরিহিত পুলিশ দল।
পরে খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি দলবলসহ ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তি ও উদ্ধার করা মদ থানায় নিয়ে আসেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সুভাষ পার্কের ওসি।
