বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরে গীতাযজ্ঞ অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ ডিসেম্বর || পবিত্র গীতাজয়ন্তী উপলক্ষে সোমবার বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গীতাযজ্ঞ। বিশ্বাস অনুযায়ী, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেন। সেই শুভ মুহূর্তকে স্মরণ করেই মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাসের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ গীতাযজ্ঞের অনুষ্ঠান।
প্রভুজী জানান, এই বিশেষ দিনে গীতা দান করলে পূণ্যলাভ হয়। অনুষ্ঠানে গীতার বিভিন্ন অধ্যায় পাঠের মাধ্যমে অনুষ্ঠিত হয় ধর্মীয় আচার। গীতাযজ্ঞ উপলক্ষে মহকুমা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে।
প্রভু করুনেশ্বর মাধব দাস সংবাদমাধ্যমকে জানান, গীতাকে শুধুমাত্র শালুকাপড়ে মুড়ে ঘরে রেখে দিলে চলবে না, নিয়মিত পাঠ করলে জ্ঞান লাভ হয় এবং সংসারে অশান্তি দূর হয়। তিনি আরও জানান, প্রতি বছরই নানা ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়, তবে এ বছর বিশেষভাবে বৃহৎ আকারে গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে।
ভক্তদের ব্যাপক উপস্থিতিতে জগন্নাথ জিউ মন্দির প্রাঙ্গণে গীতাযজ্ঞ অনুষ্ঠানটি ধর্মীয় ও আধ্যাত্মিক আবহে সম্পন্ন হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*