মানব পাচার দালাল চক্রের সক্রিয় সদস্য আকাশ দাস গ্রেপ্তার! ভারত–বাংলাদেশ সীমান্তে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ পারাপার!

গোপাল সিং, খোয়াই, ১২ ডিসেম্বর || বাংলাদেশ–ভারত সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় মানব পাচার চক্রের এক গুরুত্বপূর্ণ সদস্য আকাশ দাসকে অবশেষে গ্রেপ্তার করল খোয়াই থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার পহরমুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার আগেই জানিয়েছিলেন, সীমান্ত এলাকায় বেআইনি অনুপ্রবেশ ও মানব পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে— সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতাতেই এই সফল অভিযান।
গত ৮ই ডিসেম্বর রবিবার গভীর রাতে সীমান্তসংলগ্ন গৌরনগর এলাকায় টহলদারির সময় বিএসএফ ১০৪ ব্যাটালিয়নের সি কোম্পানির জওয়ানরা এক বাংলাদেশি নাগরিককে আটক করে। ধৃতের নাম মোহাম্মদ আবু হোসেন, বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার নলবুনিয়া গ্রামে। তাকে খোয়াই থানার হেফাজতে দেওয়া হলে জিজ্ঞাসাবাদে মানব পাচারের দালাল চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মেলে।
সেই সূত্র ধরেই পুলিশ শনাক্ত করে পহরমুড়ার বাসিন্দা আকাশ দাসকে, যে কিনা দীর্ঘদিন ধরে সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবৈধভাবে মানুষের যাতায়াত করাচ্ছিলো বলে অভিযোগ। পুলিশের দাবি, আকাশ দাস একটি বড় মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত, এবং তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
ওসি কৃষ্ণধন সরকার জানিয়েছেন, “সীমান্ত এলাকাকে কেন্দ্র করে যে পাচার চক্র সক্রিয় রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে। ধৃত ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে।”
পুলিশের ধারণা, আকাশ দাসকে জেরা করলে বৃহত্তর মানব পাচার নেটওয়ার্কের সন্ধান পাওয়া যাবে। স্থানীয় এলাকাতেও গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*