আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর || ফের হতাশার ছবি রাজ্যের ক্রিকেটপ্রেমীদের মুখে। আইপিএল নিলামে এবারও কোনও দল ত্রিপুরার তারকা ক্রিকেটার মণিশঙ্কর মুড়াসিংকে দলে টেনে নিল না। রাজ্যের গর্বের ছেলে মণিশঙ্কর মুড়াসিং প্রথমবার আইপিএলের নিলামে নাম উঠলেও তাঁর প্রতিভার যথাযথ মূল্যায়ন করল না কোনও ফ্র্যাঞ্চাইজি।
দেশের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে খেলার স্বপ্ন নিয়ে নিলামে অংশ নিয়েছিলেন মণিশঙ্কর। ধারাবাহিক ভালো পারফরম্যান্স এবং প্রতিভা থাকা সত্ত্বেও প্রথম দফার নিলামে অবিক্রিতই থেকে গেলেন তিনি। এতে স্বাভাবিকভাবেই মন খারাপ রাজ্যের ক্রিকেট অনুরাগীদের।
তবে এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি আশা। নিলামের শেষ রাউন্ডে কোনও দল তাঁকে দলে নেয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে ত্রিপুরার ক্রিকেট মহল। রাজ্যের ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, সুযোগ পেলে জাতীয় মঞ্চে নিজেকে প্রমাণ করার সব যোগ্যতাই রয়েছে মণিশঙ্করের।
এখন অপেক্ষা শেষ পর্বের নিলামের—ভাগ্য সহায় হলে হয়তো আইপিএলের মঞ্চে দেখা যাবে ত্রিপুরার এই প্রতিভাবান ক্রিকেটারকে।
