প্রভু বাড়ির পুকুর দখলমুক্ত করে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ : মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর || আগরতলা শহরের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জলাশয়গুলিকে পুনরুদ্ধার ও সংস্কারের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য বিজেপি সরকার তথা আগরতলা পুর নিগম। ইতিমধ্যেই রানীপুকুর, ডিমসাগর, সাতলাখী পুকুর, কুমারীটিলা পুকুর-সহ একাধিক ঐতিহ্যবাহী পুকুরের সৌন্দর্যায়ন ও সংস্কার সম্পন্ন হয়েছে।
এরই ধারাবাহিকতায় লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকার বাসিন্দারা কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর কাছে প্রভু বাড়ির পুকুরটি দখলমুক্ত করে সংস্কারের আবেদন জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার গত পয়লা ডিসেম্বর প্রভু বাড়ির পুকুর পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন, পুকুরটির চারপাশে থাকা কয়েকটি বাড়িঘর পুকুরের জমি বেআইনিভাবে দখল করে রেখেছে। সেই সময়ই তিনি পুকুরটির ডিমার্কেশন করার নির্দেশ দেন।
পরবর্তীতে ডিমার্কেশন শেষে পুকুরের জমি দখলমুক্ত করতে গেলে নিগমের কর্মীরা বাধার সম্মুখীন হন। বিষয়টি মেয়রের নজরে আনা হলে বুধবার তিনি পুনরায় ওই এলাকা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে মেয়র নিগমের কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন, আগামীকাল সকালের মধ্যেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি পুনরায় ডিমার্কেশন করে দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশও দেন তিনি।
উল্লেখ্য, রাজন্য আমলের প্রায় দেড় কানি জমির উপর অবস্থিত এই ঐতিহ্যবাহী পুকুরটি সংস্কারের উদ্যোগে এলাকাবাসীরা যথেষ্ট খুশি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, “প্রভু বাড়ির পুকুরকে বেআইনিভাবে দখল করে রাখা চারটি বাড়ির মালিকদের আগেই দখল ছেড়ে দিতে বলা হয়েছিল। কিন্তু তারা সেই নির্দেশ মানেনি। তাই আগামীকাল বেআইনি নির্মাণ ভেঙে পুকুরটিকে পুনরুদ্ধার করা হবে।”
তিনি আরও বলেন, পুকুরটি সংস্কার করা হলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনি সামাজিক ও অন্যান্য কাজে এই জলাশয়টি ব্যবহার করা সম্ভব হবে। পাশাপাশি মেয়র জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শহরের দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা প্রতিটি জলাশয়কে ধাপে ধাপে সংস্কার করে ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*