ভোকাল ফর লোকাল ভাবনায় আগরতলায় ‘স্বদেশী মেলা ২০২৬’— প্রস্তুতি বৈঠক সম্পন্ন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর || ভোকাল ফর লোকাল ভাবনাকে সামনে রেখে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আগামী ৯, ১০ ও ১১ই জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে স্বদেশী মেলা ২০২৬। আত্মনির্ভর ভারত ও আত্মনির্ভর ত্রিপুরা—এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করতেই আগরতলা পুর নিগমের উদ্যোগে এই বিশেষ আয়োজন।
মেলা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি বৈঠকে জানানো হয়, স্বদেশী মেলায় রাজ্যের স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন সামগ্রীর সমারোহ থাকবে। বিশেষভাবে স্থান পাবে স্বনির্ভর গোষ্ঠী ও রাজ্যের স্বউদ্যোগীদের উৎপাদিত পণ্য, যাতে স্থানীয় শিল্পী ও উদ্যোক্তারা তাঁদের সৃষ্টি সরাসরি সাধারণ মানুষের কাছে তুলে ধরার সুযোগ পান।
মেলায় প্রতিদিনই থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণের জন্য থাকবে চিরাচরিত খাবারের স্টল, বিভিন্ন সরকারি দফতরের তথ্যভিত্তিক স্টল এবং স্থানীয় শিল্প ও কুটিরশিল্পের বিপণন কেন্দ্র।
এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ডিএম ডা. বিশাল কুমার, পুর নিগমের কমিশনার ডি. কে. চাকমা এবং রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। তাঁরা সকলেই স্বদেশী মেলাকে সফল করে তুলতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
আয়োজকদের আশা, স্বদেশী মেলা ২০২৬ রাজ্যের স্থানীয় উৎপাদন ও সংস্কৃতিকে নতুন দিশা দেখাবে এবং ভোকাল ফর লোকাল আন্দোলনকে আরও জোরদার করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*