আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর || সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের ১৭তম সভায় রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী সড়ক দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা এখন আর শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি আমাদের জাতীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মানবসম্পদের অপূরণীয় ক্ষতির পাশাপাশি বহু পরিবার সড়ক দুর্ঘটনায় সর্বস্বান্ত হয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
মন্ত্রী আরও জানান, পথচারীদের সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবহণ দপ্তরের উদ্যোগে গৃহীত উল্লেখযোগ্য প্রকল্প ‘রাহ-বীর’ (সুনাগরিক প্রকল্প) ইতিমধ্যেই রাজ্যে প্রশংসা কুড়িয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে জীবন বাঁচাতে সহায়তা করা সুনাগরিকদের সম্মানিত করা হয়।
এদিন সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সময়মতো চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া সাহসী সুনাগরিকদের হাতে ২৫ হাজার টাকা আর্থিক পুরস্কার ও শংসাপত্র তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। মন্ত্রী তাঁদের এই মানবিক ও অনুপ্রেরণাদায়ক মহতি কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজে আরও বেশি মানুষকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সভা শেষে রাজ্যে সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
