বলরাম দেবনাথ, সাব্রুম, ০১ ফেব্রুয়ারী || কৃষকদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আধুনিক কৃষি ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার বিলোনিয়া দক্ষিণ জেলা এগ্রিকালচার অফিসে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সহযোগিতায় জোলাইবাড়ি আর.ডি ব্লক ও রাজনগর আর.ডি ব্লক এলাকার কৃষকদের মধ্যে মোট ১৪০টি মিনি পাওয়ার টিলার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।
এই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে যন্ত্রপাতি তুলে দেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত। পাশাপাশি বি.সি. নগর ব্লকের অধীন একটি এফ.পি.ও গ্রুপের মধ্যে প্রায় ১০ লক্ষ টাকার কৃষি সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি আর.ডি ব্লকের চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্য জনপ্রতিনিধি ও দপ্তরের আধিকারিকরা। বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষকদের শ্রম ও সময় সাশ্রয়ের পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পাবে, যা কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতে সহায়ক হবে।
