শ্রী পঞ্চমী মেলা ও পিঠেপুলে উৎসব ২০২৬, লোকজ ঐতিহ্যে ফিরল তেলিয়ামুড়া

সাগর দেব, তেলিয়ামুড়া, ০২ ফেব্রুয়ারী || লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে সোমবার সন্ধ্যায় তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের মাঠে শুরু হলো শ্রী পঞ্চমী মেলা ও পিঠেপুলে উৎসব ২০২৬। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক ও তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়।
উৎসবের সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া পৌরসভার পৌরপিতা রূপক সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, সমাজসেবক অচিন্ত্য ভট্টাচার্যী, নন্দন রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
উদ্বোধনী ভাষণে কল্যাণী সাহা রায় বলেন, ফাস্টফুডের দাপটে আজ পিঠে-পুলির মতো ঐতিহ্যবাহী খাবার হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, মেগি বা চাওমিনের পাশাপাশি পিঠে-পুলির স্বাদও তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।
মেলায় তেলিয়ামুড়া আরডি ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অংশ নেন। নিজ হাতে তৈরি নানান রকমের পিঠে-পুলি নিয়ে তাঁরা স্টল সাজান। অতিথিরা একে একে স্টল ঘুরে দেখেন এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেন।
বাউল সংগীত ও নৃত্য পরিবেশন উৎসবকে করে তোলে আরও আকর্ষণীয়। পিঠে-পুলির সুবাসে মুখরিত হয়ে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ। বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে দেয়—লোকজ সংস্কৃতি আজও মানুষের মননে সমানভাবে জাগ্রত।
এই শ্রী পঞ্চমী মেলা তাই শুধু একটি খাদ্য উৎসব নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক অনন্য প্রয়াস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*