গণ্ডাতুইসার নতুন মোটর স্ট্যান্ড ও স্কুল ভবনের উদ্বোধন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৭ ফেব্রুয়ারী || ধলাই জেলার গণ্ডাতুইসা (গণ্ডাছড়া) মহকুমার উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে আজ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিদর্শন করেন ধলাই জেলার জেলাশাসক (DM Dhalai) বিবেক এইচ.বি.। তিনি নবনির্মিত গণ্ডাতুইসা মোটর স্ট্যান্ড এবং গণ্ডাতুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহকুমা শাসক (SDM) চন্দ্র জয় রিয়াং, এমডিসি (MDC) ভূমিকা নন্দ রিয়াং এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শনকারী দলটি অবকাঠামোর গুণগত মান, নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীসুবিধা ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরিকাঠামোসহ বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, চলতি মাসের মধ্যেই এই দুটি প্রকল্প জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলির উদ্বোধন করবেন। উদ্বোধনকে সামনে রেখে জেলাশাসক সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।
নতুন মোটর স্ট্যান্ড চালু হলে এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমবে এবং যাত্রী পরিষেবার মান উন্নত হবে বলে প্রশাসনের আশা। অন্যদিকে, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আধুনিক ভবন স্থানীয় ছাত্রছাত্রীদের জন্য উন্নত ও আরামদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।
প্রশাসনের মতে, এই উন্নয়নমূলক প্রকল্পগুলি গণ্ডাতুইসার সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মহকুমার উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*