গোপাল সিং, খোয়াই, ১৭ ফেব্রুয়ারী || নাবালকের সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত ১০,৩২৩ এর চাকুরীচ্যুত শিক্ষক দুলাল শীল-কে গ্রেপ্তার করেছে খোয়াই থানার পুলিশ। থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, অভিযুক্তকে রামচন্দ্রঘাট এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে (কেস নং–৬/২০২৬)। অভিযোগ অনুযায়ী, তিনি ১০,৩২৩ এর একজন চাকুরীচ্যুত শিক্ষক। তাঁর বাড়ি রামচন্দ্রঘাট এলাকায় হলেও বর্তমানে জাম্বুরা এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তৎপরতা শুরু করে পুলিশ। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ধৃতকে আদালতে পেশ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনানুগ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
