গোপাল সিং, খোয়াই, ১৭ ফেব্রুয়ারী || কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে খোয়াই অফিসটিলা খাদ্য দপ্তরের গোডাউনে তিনদিনব্যাপী সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা হলো। চলতি খারিফ মরশুমে সরকার কুইন্টাল প্রতি ২৩.৬৯ টাকা দরে ধান ক্রয় করছে এবং এই পর্যায়ে মোট ৩০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে আজ প্রথম দিনেই ১০৬.১১৫ মেট্রিকটন ধান ২৩.৬৯ টাকা দরে মোট ২৫ লক্ষ ১৩ হাজার ৮৬৪ টাকার ধান ক্রয় করা হয়েছে। গণকি সেক্টরের অধীনে পহরমুড়া, সোনাতলা, জাম্বুরা সহ বিভিন্ন এলাকা থেকে ধান ক্রয় করা হয়।
ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য, খাদ্য দপ্তরের আধিকারিক অসীম সাহা এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক প্রদ্যুত কুমার দে সহ অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে পুর চেয়ারম্যান বলেন, এই উদ্যোগ কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে তারা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য সরাসরি সরকারি ব্যবস্থার মাধ্যমে পেতে পারবেন। এতে কৃষকদের আর্থিক সুরক্ষা যেমন বাড়বে, তেমনি কৃষি উৎপাদনে উৎসাহও বৃদ্ধি পাবে।
আয়োজক দপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে এবং প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় কৃষকদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
