গোপাল সিং, খোয়াই, ১৭ ফেব্রুয়ারী || খোয়াই থানাধীন উত্তর চেবরি এলাকায় এক বিধবা মহিলার মৃত সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট চাঞ্চল্যকর মামলায় অবশেষে মূল অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েছে। আজ খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সাংবাদিকদের জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযুক্ত অনুকুল পালকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি খোয়াই মহিলা থানায় এ সংক্রান্ত একটি মামলা নথিভুক্ত করা হয় (মামলা নম্বর: ২০২৬/WKH/০০১), ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ২০২৩–এর ৯১, ৯৮ ও ২৩৮ ধারায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এই মামলার অপর অভিযুক্ত সুমিত্রা রুদ্র পাল ইতিমধ্যেই গ্রেফতার হয়ে গারদে রয়েছেন।
আটক অনুকুল পালের পিতা মৃত করুণাকান্ত পাল বলে জানা গেছে। তার বাড়ি উত্তর চেবরি এলাকায়। বিধবা মহিলার বয়ানে অভিযুক্তের নাম উঠে আসার পর থেকেই তাকে ধরতে তৎপরতা শুরু করে ত্রিপুরা পুলিশ। অবশেষে সেই অভিযানে সাফল্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশের দাবি, ঘটনার তদন্ত এখনও চলছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
