বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ ফেব্রুয়ারী || শান্তিরবাজার জেলা হাসপাতাল-এ অনুষ্ঠিত হলো এক বিশেষ মেগা চক্ষু শিবির। উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এবং জটিল চক্ষু রোগীদের স্থানীয় স্তরেই চিকিৎসার সুযোগ করে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
দীর্ঘদিন ধরেই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার উমাকান্ত আচার্য্য নিষ্ঠার সঙ্গে রোগীদের পরিষেবা প্রদান করে আসছেন। পূর্বে যেসব জটিল চক্ষু রোগীকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করা হতো, তাঁদের সুবিধার্থে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়।
এই মেগা শিবিরে উপস্থিত ছিলেন এজিএমসি-র চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার ফনী সরকার। তাঁর তত্ত্বাবধানে মোট ৩৩ জন রোগীর জটিল চক্ষু অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
ডাক্তার উমাকান্ত আচার্য্য জানান, অপারেশনগুলো ছিল জটিল প্রকৃতির, তবে দক্ষ চিকিৎসক দলের প্রচেষ্টায় সেগুলি সফলভাবে সম্পন্ন হয়েছে। অন্যদিকে, হাসপাতালের উন্নত পরিকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন প্রফেসর ফনী সরকার।
ভবিষ্যতেও এই ধরনের মেগা চক্ষু শিবির নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে আশ্বাস দেন চিকিৎসকরা। বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবা পেয়ে রোগী ও তাঁদের পরিবারবর্গ চিকিৎসক উমাকান্ত আচার্য্য ও প্রফেসর ফনী সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
