চড়িলাম বাজারে দুঃসাহসিক হামলা ও মাদক ছিনতাই, দিনের আলোয় আতঙ্ক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ || চড়িলাম বাজার এলাকায় দিনের আলোয় ঘটে গেল চাঞ্চল্যকর হামলা ও মাদক ছিনতাইয়ের ঘটনা। অভিযোগ, চড়িলাম বাজার এলাকায় বিশালগড় দিক থেকে দুটি গাড়িতে করে আসা একদল যুবক অন্য একটি গাড়ির চালকের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তরা হাতে অস্ত্র নিয়ে চালককে বেধড়ক মারধর করে এবং তার কাছ থেকে মাদক সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে ব্যস্ত বাজার এলাকায়, ফলে মুহূর্তের মধ্যেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দিনের বেলায় এমন দুঃসাহসিক ঘটনায় প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা—পুলিশি তৎপরতা আরও বাড়ানো এবং বাজার এলাকায় নজরদারি জোরদারের দাবি তুলছেন বাসিন্দারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*