আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ || বিজ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ ও আধুনিক গবেষণার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিত করে তুলতে আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগে “Recent Trends in Biological, Chemical, Mathematical and Physical Sciences” শীর্ষক তিনদিনব্যাপী জাতীয় স্তরের বক্তৃতা কর্মশালার আয়োজন করা হয়েছে।
আগরতলা মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী হলঘরে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সর্বরী নাথ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামল দাস এবং কর্মশালার আহ্বায়ক অধ্যাপক ইন্দ্র দাসগুপ্ত।
কর্মশালায় দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট বিজ্ঞানীরা বক্তৃতা প্রদান করবেন। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক বি. এন. দেব (কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং, গবেষণা ও শিক্ষা কেন্দ্র, কলকাতা), অধ্যাপিকা স্বাগতা দাশগুপ্ত (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর), অধ্যাপক দেবজ্যোতি ঘোষাল (যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা), অধ্যাপিকা শাওন রায় চৌধুরী (ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, আগরতলা) এবং অধ্যাপক মৃণাল কান্তি ঘোষ (ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স)।
তিনদিনব্যাপী এই কর্মশালায় সংশ্লিষ্ট ক্ষেত্রের সাম্প্রতিক গবেষণা ও নতুন প্রবণতা নিয়ে বিশেষজ্ঞরা মোট ১২টি বক্তৃতা প্রদান করবেন। আয়োজকদের মতে, এই কর্মশালা ছাত্রছাত্রীদের গবেষণামুখী মনোভাব গড়ে তুলতে এবং বিজ্ঞান বিষয়ক উচ্চতর শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
