ত্রিপুরার অর্থনীতিকে শক্তিশালী করতে বাঁশভিত্তিক শিল্পে জোর: বনমন্ত্রী অনিমেষ দেববর্মা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ || রাজ্যের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাঁশভিত্তিক শিল্প গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছে রাজ্য সরকার। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে বনদপ্তর ও ত্রিপুরা বেম্বো মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক উচ্চপর্যায়ের বাঁশ শিল্প পরামর্শমূলক কর্মশালার উদ্বোধন করে এ কথা বলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
মন্ত্রী বলেন, এই উদ্যোগ ত্রিপুরার বাঁশভিত্তিক শিল্পকে আরও বাজারমুখী ও জলবায়ু সংবেদনশীল মূল্য শৃঙ্খলে রূপান্তর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। তাঁর মতে, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও বাঁশভিত্তিক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বনমন্ত্রী আরও বলেন, ত্রিপুরায় বাঁশ পর্যটন শিল্পের ক্ষেত্রেও একটি বিশেষ ভূমিকা পালন করছে। বিশেষ করে বাঁশ দিয়ে তৈরি রিসোর্ট ও বিভিন্ন কাঠামো পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করছে। সেই কারণে রাজ্যে বাঁশ চাষের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে বাঁশ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল রাজ্যের মধ্যেই সহজলভ্য হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার করে রাজ্যে আরও বেশি করে বাঁশভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য শিল্পোদ্যোগীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনদপ্তরের সচিব চৈতন্য মূর্তি, ত্রিপুরা বেম্বো মিশনের অধিকর্তা ডঃ দীপক কুমার এবং বনদপ্তরের প্রধান সচিব আর কে সামাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই পরামর্শমূলক কর্মশালায় বাঁশভিত্তিক শিল্পের কারিগর, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রক্রিয়াকরণ ইউনিটের উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশগ্রহণ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*