জোলাইবাড়ীতে বায়ো ইনপুট রিসোর্স সেন্টারের উদ্বোধন, জৈব চাষে উৎসাহ কৃষকদের

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ মার্চ || জৈব পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদনে উৎসাহ দিতে দক্ষিণ জোলাইবাড়ী এলাকায় বায়ো ইনপুট রিসোর্স সেন্টারের শুভ উদ্বোধন করা হল। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রিসোর্স সেন্টারের সূচনা করা হয়। একই দিনে দেবদারু এলাকাতেও আরও একটি বায়ো ইনপুট রিসোর্স সেন্টারের উদ্বোধন করা হয়।
জানা যায়, জোলাইবাড়ী কৃষি দপ্তর বর্তমানে জৈবিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সময়ে অধিক মুনাফার আশায় অনেক কৃষক রাসায়নিক সার ব্যবহার করে ফসল উৎপাদন করছেন। এর ফলে রাসায়নিক সার ব্যবহার করে উৎপাদিত খাদ্য গ্রহণের কারণে মানুষের মধ্যে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতি বিবেচনায় রেখে কৃষকদের জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে কাজ করছে জোলাইবাড়ী কৃষি দপ্তর।
জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস জানান, কৃষকদের জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে। নতুন এই বায়ো ইনপুট রিসোর্স সেন্টারগুলির মাধ্যমে কৃষকরা প্রাকৃতিক কৃষিকাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সহজেই সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জৈব কৃষিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ কীভাবে ব্যবহার করতে হয় এবং এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে অতিথিরা ফিতা কেটে রিসোর্স সেন্টারগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এলাকার কৃষকদের হাতে জৈব চাষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।
জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস, জোলাইবাড়ী এগ্রিস্ট্যান্ডিং কমিটির সভাপতি জয়দেব দত্ত সহ স্থানীয় নেতৃত্বরা। অনুষ্ঠানের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শ্রীদাম দাস এই দুইটি প্রকল্পের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানান।
উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*