তেলিয়ামুড়া ফল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬–৭টি দোকান

সাগর দেব, তেলিয়ামুড়া, ০৬ মার্চ || খোয়াই জেলার তেলিয়ামুড়া ফল বাজার এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাধিক দোকানে। এতে প্রায় ৬ থেকে ৭টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আকস্মিক এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বাজার এলাকার একটি দোকান থেকে প্রথমে আগুনের লেলিহান শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে একটি দোকানের ভিতরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডারের কারণে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, এই অগ্নিকাণ্ডে প্রায় ছয় থেকে সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফলে ব্যবসায়ীদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনাটি নিয়ে দমকল দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*