সাগর দেব, তেলিয়ামুড়া, ০৯ মার্চ || তেলিয়ামুড়া মহকুমার নেতাজিনগর এলাকায় এক অসহায় ছাত্রের করুণ পরিস্থিতিকে ঘিরে এলাকাজুড়ে সহমর্মিতার পরিবেশ সৃষ্টি হয়েছে। অনির্বাণ দাস নামে ওই ছাত্র বর্তমানে একাদশ শ্রেণির ছাত্র। ছোটবেলাতেই পিতৃহীন হওয়ার পর থেকে মা ও দিদার স্নেহে বড় হয়ে উঠছিল অনির্বাণ।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে সে তার মাকেও হারায়। জানা গেছে, অনির্বাণের মা-ই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তিনি বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসারের খরচ চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার ব্যয় বহন করতেন।
মায়ের আকস্মিক মৃত্যুর পর পরিবারটি কার্যত দিশেহারা হয়ে পড়েছে। বর্তমানে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করার মতো ন্যূনতম অর্থও তাদের হাতে নেই। কীভাবে শেষকৃত্যের যাবতীয় আয়োজন সম্পন্ন হবে এবং ভবিষ্যতে সংসার কীভাবে চলবে— সেই চিন্তায় দিন কাটছে অনির্বাণ ও তার বৃদ্ধ দিদার।
এদিকে তাদের বসতবাড়ির অবস্থাও অত্যন্ত নাজুক। খোয়াই নদীর পাড়ঘেঁষা এলাকায় অবস্থিত জরাজীর্ণ বাড়িটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সামনে বর্ষাকাল আসায় সেখানে বসবাস করা নিয়েও গভীর উদ্বেগে রয়েছে পরিবারটি।
এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা পেলে এই অসহায় পরিবারটি নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
