বলরাম দেবনাথ, সাব্রুম, ০৯ মার্চ || দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার নলুয়া এলাকায় গৌরাঙ্গ মহাপ্রভুর নামযজ্ঞ ও ৪১তম বাৎসরিক মহোৎসবের শুভ সূচনা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তবর্তী এই এলাকায় আয়োজিত রাম ঠাকুর উৎসব ও হরিনাম সংকীর্তনকে দক্ষিণ ত্রিপুরা জেলার অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হিসেবে গণ্য করা হয়। উৎসব উপলক্ষে হাজার হাজার ভক্ত-ভক্তিনীর সমাগমে গোটা এলাকায় এক পবিত্র তীর্থক্ষেত্রের আবহ তৈরি হয়েছে।
সোমবার সন্ধ্যায় গঙ্গা আনয়নের মধ্য দিয়ে বর্ডার এলাকার এই বৃহৎ রাম ঠাকুর মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন নলুয়া শঙ্কর মঠ আশ্রমের সূর্যানন্দ মহারাজ এবং ঋষ্যমূখ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ মিত্র।
উৎসবে ছোট ছোট কচিকাঁচাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আজ থেকে নলুয়ার পবিত্র মাটিতে বেজে উঠেছে ভক্তির সুর, ঢেউ তুলেছে আনন্দের আবহ। দূর-দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ও ভক্তিনী এখানে ছুটে আসছেন, পরম করুনাময় রাম ঠাকুরের চরণে নিজেদের সমর্পণ করার উদ্দেশ্যে।
পুরো এলাকাজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে “হরে রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে” মহামন্ত্রের ধ্বনি। ভক্তরা নামগান ও সংকীর্তনের মাধ্যমে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করেছেন। “জয়রাম জয়রাম” ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে নলুয়া এলাকা।
উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর শুক্রবার ভোরে নাগরকীর্তনের মধ্য দিয়ে এই মহোৎসবের সমাপন ঘটবে।
