এডিসি নির্বাচনকে সামনে রেখে ২৮ আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের, ধর্মনগর উপনির্বাচনেও অমিতাভ দত্ত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ২৮টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। পাশাপাশি ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও বামফ্রন্ট নেতা মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রার্থী তালিকা প্রকাশ করেন। এদিন মানিক দে বামফ্রন্ট ঘোষিত প্রার্থীদের নাম বিস্তারিতভাবে তুলে ধরেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, দামছড়া–জম্পুই আসনে বীরেন্দ্র রিয়াং, কাঞ্চনপুরে রমাকান্ত নাথ, করমছড়ায় সাধন চাকমা, দামছড়া–কচুছড়ায় বদরভুম হালাম, ছামনুতে খুশিরাম ত্রিপুরা, মনুতে রাহুল দাস, রাইমাভ্যালীতে সুমতি রঞ্জন চাকমা এবং গন্ডাছড়া–গঙ্গানগর আসনে ধানছামনি রিয়াংকে প্রার্থী করা হয়েছে।
এছাড়া আশারামবাড়ী–হালহালি আসনে করিম দেববর্মা এবং কুলাই–চামপাহাওর আসনে অতুল দেববর্মা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তেলিয়ামুড়া–মহারানী আসনে রতন কিশোর জমাতিয়া, রামচন্দ্রঘাটে সমরেশ দেববর্মা, মান্দাই–পুলিনপুরে সূর্য দেববর্মা, জিরানিয়ায় রাধাচরণ দেববর্মা, সিমনা–তমাকারিতে অমূল্য দেববর্মা, বোধজংনগর–ওয়াকীনগরে সঞ্জীত দেববর্মা, পেকুয়ারজলা–জন্মেজয়নগরে ব্রজলাল দেববর্মা, টাকারজলা–জম্পুইজলায় বেনিলাল দেববর্মা এবং আমতলী–গোলাঘাটি আসনে বৃন্দা দেববর্মাকে প্রার্থী করা হয়েছে।
অন্যদিকে বাগমা আসনে অমৃত সাধন জমাতিয়া, নতুনবাজার–মালবাসায় মগেন্দ্র রিয়াং, মহারানী–চেলাগাংয়ে হারাধন জমাতিয়া, অম্পি আসনে পৃথ্বীরাজ কলই, বীরচন্দ্র–কলসিতে নরেন্দ্র রিয়াং, কাঠালিয়া–মির্জা–রাজাপুরে পরীক্ষিত মুরাসিং, পূর্ব মুহুরীপুর–ভুরাতলি আসনে বরজং ত্রিপুরা এবং শিলাছড়ি–মনুবনকুল আসনে উচাথৈ মগকে প্রার্থী করা হয়েছে।
তবে মাছমারা আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি বলে বামফ্রন্ট সূত্রে জানা গেছে। শীঘ্রই সেই নামও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্তের নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে, মোট ২৮ জন প্রার্থীর মধ্যে ২০ জনই নতুন মুখ। নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার কৌশল নিয়েই বামফ্রন্ট এই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*