শান্তিরবাজারে বয়স্কদের সুযোগ–সুবিধা নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা, ১৩ জনের হাতে অঙ্গনওয়াড়ি কর্মীর অফার লেটার প্রদান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১০ মার্চ || বয়স্কদের বিভিন্ন সুযোগ–সুবিধা এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শান্তিরবাজার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু বয়স্ক মানুষ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং, শান্তিরবাজার পুরপরিষদের ডেপুটি সিইও পবিত্র দাস, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক এবং বগাফা সিডিপিও অফিসার হিরালাল দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় সিডিপিও অফিসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বয়স্কদের জন্য চালু বিভিন্ন প্রকল্প ও সুযোগ–সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা জানান, সমাজে অনেক বয়স্ক মানুষ পরিবারে অবহেলার শিকার হন। তাদের আইনি সহায়তা থেকে শুরু করে বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বগাফা সিডিপিও অফিসার হিরালাল দেববর্মা জানান, ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্করা ১৪৫৬৭ নম্বরে ফোন করে বিভিন্ন ধরনের সহায়তা ও পরিষেবা পেতে পারেন। এছাড়াও এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল কর্মসংস্থান। অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩ জনের হাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করার জন্য অফার লেটার তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিবৃন্দ তাদের হাতে এই অফার লেটার প্রদান করেন। অনুষ্ঠানের মাধ্যমে বয়স্কদের অধিকার ও সুযোগ–সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থানের দিকও উন্মোচিত হয়েছে বলে মনে করছেন উপস্থিত সকলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*